সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

একসঙ্গে খেলবে পুরুষ-নারীরা, ক্রিকেটের অঙ্ক বদলে দেবে টেস্ট-টোয়েন্টি?

সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
একসঙ্গে খেলবে পুরুষ-নারীরা, ক্রিকেটের অঙ্ক বদলে দেবে টেস্ট-টোয়েন্টি?

টেস্ট, ওয়ানডে হয়ে টি-টোয়েন্টি। প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে বহু বদল এসেছে। তবে কিছু জিনিস একই রকম থেকে গিয়েছে। যেমন, পুরুষ ও নারী দল আলাদা আলাদা ম্যাচই খেলে। এবার সেটাও বদলাতে চলেছে! ক্রিকেটে নতুন এক ফরম্যাট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টির বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই সংস্করণে একই দলের হয়ে খেলবেন ছেলে ও মেয়ে ক্রিকেটাররা।


টেস্টে পাঁচদিনের ম্যাচ হয়। অন্যদিকে টি-টোয়েন্টি হয় কুড়ি ওভারের। এবার এই নতুন ফরম্যাট আসলে তিনটি ফরম্যাটের মিলিত সংস্করণ হতে চলেছে। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর ঐতিহাসিক সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হওয়ার কথা রয়েছে এই ফরম্যাটের উদ্বোধনী টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৯ নভেম্বর। আয়োজকদের লক্ষ্য পুরুষ-নারীর বিভাজন দূর করা। যাতে লিঙ্গবৈষম্য ভুলে একে-অপরের সমর্থনে গলা ফাটাতে পারে।


কিন্তু ফরম্যাট কী হবে? টুর্নামেন্টে চারটি মহাদেশীয় দল অংশ নেবে। প্রতিটি দলে থাকবেন ৪০ জন খেলোয়াড়-২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। পাঁচ দিনের পরিবর্তে একদিনেই শেষ হবে ম্যাচ, যেখানে মোট ৮০ ওভারের খেলা অনুষ্ঠিত হবে। এক-একটি দল ৪০ ওভার করে ম্যাচ খেলবে। দুই দলের ছেলেরা পরস্পরের বিপক্ষে এবং মেয়েরা প্রতিপক্ষ দলের মেয়েদের বিপক্ষে খেলবেন। এরপর এক দলের পুরুষ ও নারীদের সম্মিলিত স্কোরকে দলের স্কোর...


উদাহরণ দেওয়া যাক। কোনও দলের মেয়েরা ২০ ওভারে ১২০ রান এবং ছেলেরা ২০ ওভারে ১৮০ রান করলে দলটির মোট সংগ্রহ হবে ৩০০। এবার একইভাবে প্রতিপক্ষের ছেলে ও মেয়েরা রান তাড়া করতে নামল। সেখানে তাদের সম্মিলিত রান ২৯০ হলে প্রথম দল ১০ রানে জয়ী হবে। ফলে জয়ের জন্য উভয় বিভাগের খেলোয়াড়দেরই গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। ৮০ ওভারের ম্যাচে থাকবে দুই ধরনের বল।


প্রথম ৪০ ওভার হবে দিনের আলোয়। সেখানে লাল বল ও সাদা পোশাকে খেলবেন ক্রিকেটাররা। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয় সাদা বল ও রঙিন পোশাকে। ছেলেরা ছেলেদের বিপক্ষে এবং মেয়েরা মেয়েদের বিপক্ষে বোলিং করবেন। প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। একজন বোলার সর্বোচ্চ ছয় ওভার বল করতে পারবেন। কোন দলের ছেলে বা মেয়েদের একাদশ আগে মাঠে নামবে, সেটা ঠিক হবে টসের মাধ্যমে।


তবে এই ফরম্যাটের সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না। আয়োজকরা জানিয়েছেন, ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন তরুণ ক্রিকেটার এতে অংশ নেবেন। বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার অধীনে ক্রিকেটার নির্বাচন করেছে গ্লোবাল সিলেকশন কমিটি। টুর্নামেন্টের উপদেষ্টা বোর্ডে রয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা এবি ডি’ভিলিয়ার্স, ম্যাথু হেডেন ও স্যর ক্লাইভ লয়েড।


কিন্তু শ্রীলঙ্কায় কেন এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে? ভারতেও তো হতে পারত? টুর্নামেন্টের আয়োজকদের যুক্তি, দ্বীপরাষ্ট্রে স্কুল ও যুব ক্রিকেট নিয়ে খুব মাতামাতি আছে। স্কুলছাত্রদের ম্যাচেও গোটা স্টেডিয়াম ভরে যায়। তাই শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা গৌরব বাহিরভানি বলেন, “খেলার ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েরা একসঙ্গে জিতবে বা একসঙ্গে হারবে। তার সাক্ষী হতে আমরা সবাই কলম্বো যাচ্ছি।”


তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন