সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ১০:১২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ অক্টোবর ২০২৬ ১০:১২ অপরাহ্ন
বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।


রোববার (১৮ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুর্নীতির মামলার আসামি সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে এবং কোন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।


শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক।


মামলার অভিযোগ, শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।


পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।


দুদকের অভিযোগ, বিমানবাহিনী সাবেক এই প্রধান ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন।


সন্দেহজনক ব্যাংক লেনদেনের মাধ্যমে তিনি অর্থের উৎস গোপন করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়।


তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।


অপর মামলায় হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানায় দুদক।


মামলায় অভিযোগ করা হয়, স্বামীর সহায়তায় তাহমিদা এসব সম্পদ অর্জন করেছেন। ওই মামলায় তাহমিদার পাশাপাশি শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ