ডেঙ্গু: অক্টোবরের ১৮ দিনে মৃত্যু একশ ছাড়াল
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন।
ডেঙ্গুর রোববারের বুলেটিন অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের প্রাণ গেছে; এর মধ্যে চলতি মাসের ১৮ দিনেই মৃত্যু হয়েছে ১০৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ২ জন করে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরের একজন এবং সিলেট সিটি করপোরেশনের বাইরের একজন মারা গেছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ২৩২ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯৫ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২৯০ জন, ময়মনসিংহে ৯৩, রাজশাহী ২০০, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৮২৭ জন।
এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জনে। যার মধ্যে ১ লাখ ৬ হাজার ২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
তথ্যসূত্র: বিডিনিউজ