সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

বাঘায় ৭৮১ জেলে পরিবার পেল ১৯.৫২৫ টন চাল

বাঘা প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
বাঘায় ৭৮১ জেলে পরিবার পেল ১৯.৫২৫ টন চাল

রাজশাহীর বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন হয়ে পড়া ৭৮১ জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে মোট ১৯ দশমিক ৫২৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।


রোববার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। পরে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অন্যন্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, ইউনিয়ন পরিষদের সচিব এবং বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকে। ফলে এ সময়ে জেলে পরিবারগুলো কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়ে। তাদের খাদ্যসহায়তা দিতে বাঘা উপজেলার জন্য ৭৮১টি জেলে পরিবারের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৯ দশমিক ৫২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। জেলে পরিবারের সংখ্যা ও জনসংখ্যার অনুপাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বণ্টন করা হয়েছে।


উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, নির্ধারিত সময়ে ট্যাগ কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি তদারকিতে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার সব ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।