সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বাড়বে: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে নগরীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, নগরীর বেশ কিছু উন্নয়ন প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে এসব প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদী।


রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান রাজশাহী সফরে আসছেন। তাঁকে স্বাগত জানাতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়ার গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।


তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলমান রয়েছে।


অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রাসিক প্রশাসক বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছিল। বর্তমান সরকারও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নিতে চান তিনি।


এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।