অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
রাতভর নাটকীয়তা শেষে সকালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ইশরাক হোসেন তার ফেসবুকে জানান তিনি দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
ইশরাক হোসেন তার ফেসবুকে লেখেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
তিনি লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম।
আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
ইশরাক লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।
ফেসবুকের শেষে ইশরাক হোসেন আরও লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে রোববার সন্ধ্যায় গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এ সংবাদ ছড়িয়ে পড়লে ইশরাক হোসেন এটিকে গুজব মন্তব্য করে অডিও বার্তা দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকেও প্রধানমন্ত্রীর ওই নির্দেশ নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য ও ভিত্তি বলে প্রতিবাদলিপি পাঠানো হয়। পরে মধ্যরাতে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইস্যুতে ফেসবুকে আরেকটি বার্তা দেন ইশরাক হোসেন।
শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তার সঙ্গে ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ