সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

নগরীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ন
নগরীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও দামকুড়া থানা পুলিশ। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫১০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার সদর আলীর ছেলে রাজিব রহমান (৩১) গ্রেপ্তার হন। তবে বদরুল ইসলামের ছেলে বাছিরুল (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পরে রাজিবের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রাজিব পলাতক বাছিরুলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


অন্যদিকে, রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দামকুড়া থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় জোতরাবন গ্রামে অভিযান চালিয়ে শিল্পি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৫১০ টাকা জব্দ করে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বাছিরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।