সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি আশিক সাঈদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০১:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি আশিক সাঈদ

শারদীয় দুর্গাপূজার আয়োজন ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি দেখতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ।


রোববার (১৮ অক্টোবর) তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার কেন্দ্রীয় পূজামণ্ডপ, সদর উপজেলার বারঘরিয়ার ঐতিহ্যবাহী বাইশ পুতুল পূজামণ্ডপ এবং শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।


এ সময় তাঁর সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজসহ পুলিশ সুপারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


পরিদর্শন কার্যক্রমের শুরুতে ডিআইজি আশিক সাঈদ শিবতলা এলাকার কেন্দ্রীয় পূজামণ্ডপে পৌঁছালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। পরে তিনি পূজামণ্ডপের বিভিন্ন প্রতিমা ঘুরে দেখেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।


এরপর তিনি সদর উপজেলার বারঘরিয়া এলাকার ঐতিহ্যবাহী বাইশ পুতুল পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে প্রতিমা ও পূজার আয়োজন ঘুরে দেখার পর শিবগঞ্জ উপজেলার কানসাটের একটি পূজামণ্ডপে যান। সেখানে পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কার্যক্রম শেষ হয়।


দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আয়োজন। উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। ডিআইজির এ পরিদর্শনে পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় পূজা আয়োজকদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।