পুলিশ ক্যাম্পের পাশে পড়েছিল নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ
চুয়াডাঙ্গার জীবননগরে এক মাস ধরে নিখোঁজ চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলীর মস্তকবিহীন পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শাহাপুর পুলিশ ক্যাম্পের পাশে কোটচাঁদপুর সড়কের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চান্দ আলী উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত মাসে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে তার ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো খোঁজ মেলেনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয়রা সড়কের পাশে মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা মরদেহটি চান্দ আলীর বলে শনাক্ত করেন।
ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভ্যান ছিনতাই নাকি অন্য কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: জাগোনিউজ