গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: দেয়ালের একপাশে অভিযান, অন্যপাশে চলছিল মাদক সেবন
রাজধানীর গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় রেলাইন ধরে যখন আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান চলছিল, তখন রেললাইন লাগোয়া দেয়ালের অপর পাশে মাদক সেবন করছিলেন এক ব্যক্তি।
সোমবার বিকাল ৩টায় সেখানে অভিযানের সময় দেয়াল টপকে কলাগাছের ঝোপঝাড় থেকে ওই ব্যক্তিকে ধরে আনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে যেন তার ‘ভ্রূক্ষেপ ছিল না’।
নিজেকে আশরাফ উদ্দীন পরিচয় দিয়ে ওই ব্যক্তি বারবার বলছিলেন, “স্যার, আমি খাই স্যার।”
তাকে আটক করতে যাওয়া ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিদর্শক আসহাব উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের কোনো কিছুতেই ভ্রূক্ষেপ নেই। এগুলোকে তারা খুব স্বাভাবিক বিষয় মনে করে।”
অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘুণ্টিঘর এলাকায় সোমবার এসআরবি ও ডিএনসি সদস্যদের ওই অভিযানে আশরাফসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তাওশিফ শরিফ স্নিগ্ধ৷
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের তিন মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে শনিবার সেখানে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়ালে বিতর্ক তৈরি হয়। দিনভর নানা আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।
সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মী সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এদিনই গেণ্ডারিয়ার দয়াগঞ্জ রেললাইন ক্রসিংয়ের পশ্চিম পাশে ঘুণ্টিঘর এলাকায় ছদ্মবেশে এসআরবি-৩ ও ডিএনসি সদস্যরা অভিযান শুরু করলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। অভিযানের আগেও সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়।
ডিএনসির ঢাকা দক্ষিণের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা সবাই ভাসমান। এরা এখানে আসে তারপর আবার চলে যায়।
“আমরা অভিযান পরিচালনা করলে এরা চলে যায়। আবার আমরা যখন চলে যাই, তখন ওরা আবার আসে। এজন্য এদের নির্মূল করা যায় না। এখানে নিয়মিত কাউকে খতে পারলে তাইলে কোনো সুফল পাওয়া যেত।”
তথ্যসূত্র: বিডিনিউজ