নগরীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ১৪৭ পিস ইয়াবাসহ মো. মিনহাজুল মুন্না (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার নতুন হড়গ্রাম এলাকায় বাইপাস সড়কের রেলক্রসিংয়ের পূর্ব পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নের সিপিএসসির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মিনহাজুল মুন্নাকে আটক করে তাঁর হেফাজত থেকে ইয়াবাসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
গ্রেপ্তার মিনহাজুল মুন্না রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম জয়নাল আবেদিন দুলাল।
এসআরবি-৫ আরও জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।