সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

শিবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ সময় রিমন নামে এক ব্যক্তি হাসুয়ার কোপে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।


থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামপুর কামারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মদসহ এক মাদক কারবারিকে আটকের চেষ্টা করা হলে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ রয়েছে, এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। একই ঘটনায় রিমন নামে এক ব্যক্তি হাসুয়ার কোপে আহত হন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনার পর ১৯ অক্টোবর ভোররাতে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শ্যামপুর চৌধুরীপাড়ার মৃত রুস্তম আলীর দুই ছেলে মো. খোকন ও মো. নাহিদ আহম্মেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে অপর পলাতক আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, পুলিশ অভিযানে গেলে মাদক কারবারিদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় উদ্ধার করতে আসা এক সাধারণ মানুষকে হাসুয়া দিয়ে কোপানো হয়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।