মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০১:৪১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সোমবার রাতে জেলা শহর ও আশপাশের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজার সার্বিক আয়োজন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।


পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বহু বছর ধরেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এ দেশে ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। এ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সব সময় বজায় রাখতে হবে।


সোমবার রাতে জেলা প্রশাসক শহরের স্কুল-কলেজ রোডের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির এবং বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির নেতারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দিরের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের উদ্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক।


তিনি আরও বলেন, দুর্গাপূজা ঘিরে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতির যে পরিবেশ বজায় রয়েছে, তা ধরে রাখতে হবে। ধর্ম, বর্ণ, জাতি ও গোত্রের ভেদাভেদ ভুলে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা হয়েছে


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা।