মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

মন্দিরে রেখে এলেন স্ত্রীর মুণ্ড! উঠোনে বাবার দেহ!

সোনার দেশ ২০ অক্টোবর ২০২৬ ০১:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ২০ অক্টোবর ২০২৬ ০১:৫১ অপরাহ্ন
মন্দিরে রেখে এলেন স্ত্রীর মুণ্ড! উঠোনে বাবার দেহ!
ছবি: এআই দ্বারা নির্মিত

পুজোর আনন্দের মাঝেই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ঘটনায় শিউরে উঠলেন পাড়া-পড়শিরা। অষ্টমীর রাতে একই পরিবারের দু’জনের মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।


অভিযোগ, স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুণ্ড মন্দিরে রেখে আসেন স্বামী। অন্যদিকে, বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় ওই যুবকের বাবার দেহ। কিন্তু এই ভয়াবহ ঘটনার পিছনে কারণ কী? প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে তন্ত্রসাধনা ও বশীকরণের যোগ রয়েছে বলে স্থানীয় স্তরে নানা দাবি উঠলেও, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? প্রশ্ন উঠছে তা নিয়েই। জোড়া খুনের অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক।


ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার অন্তর্গত দিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের লালবাবা মানা গ্রামে। অভিযুক্ত মঙ্গল চৌধুরী রাজেন্দ্র চৌধুরীর ছেলে। অভিযোগ, সোমবার সন্ধ্যায় তিনি তাঁর বাবা ও স্ত্রীকে সবজি কাটার ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের এএসআই ও তাঁর দল গ্রামবাসীদের সহায়তায় অভিযুক্তকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। তাঁকে সেখানে হেফাজতে রাখা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার অষ্টমীর রাতে প্রায় আটটা নাগাদ এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে প্রথমে নিজের ৩৯ বছর বয়সি স্ত্রী রুম্পা চৌধুরীকে খুন করেন তিনি। এরপর স্ত্রীর মুণ্ডু কেটে নিয়ে মন্দিরে রেখে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শুধু স্ত্রীকেই নয়, নিজের ৬০ বছর বয়সি বাবা রাজেন্দ্র চৌধুরীকেও খুন করার অভিযোগ উঠেছে মঙ্গলের বিরুদ্ধে। পরে বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় রাজেন্দ্র চৌধুরীর দেহ। পুলিশ সূত্রে খবর, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মানসিক রোগে আক্রান্ত। কয়েক সপ্তাহ আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বলে জানা গিয়েছে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন