মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০২:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ অক্টোবর ২০২৬ ০২:২০ অপরাহ্ন
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রংপুরের পাগলাপীরে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকে এই যে বাংলাদেশে সনাতনি সম্প্রদায়ের যে মানুষ আছে, তাদের একটি উৎসব শারদীয় দুর্গোৎসব। আমরা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যেমন সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, তেমনি চাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।’ 


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুরের পাগলাপীরে পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের দিন সবার প্রতিজ্ঞা হোক— মুসলিম, হিন্দু, বৈদ্ধ খ্রিস্টান মিলেই বাংলাদেশ গড়ে তুলবে।’ তিনি আরও বলেন, ‘পরিশ্রম করেই দেশকে এগিয়ে নিতে হবে।’ 


তারেক রহমান  বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে আমরা  এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’


তিনি বলেন, ‘সেজন্যই আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষি ঋণ আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি সঙ্গে সঙ্গে। আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, আমরা কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি। আমরা ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা আমরা করেছি।’ 


এদিকে দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। বিকালে হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন। পরে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন।  

সন্ধ্যা নাগাদ বন্দর নগরীর জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের পর রাতেই ঢাকায় ফিরবেন তিনি।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন