ইসলামাবাদে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে ৪ পুলিশ গ্রেপ্তার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি ইসলামাবাদের এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে।
ঘটনা নিশ্চিত করে এক পুলিশ কর্মকর্তা ডনকে জানান, ওই চার পুলিশ কর্মকর্তা ইউনিফর্ম পরা অবস্থায় এক সহযোগীকে সঙ্গে নিয়ে ডাকাতির ঘটনাটি ঘটান। পরে পুলিশ ওই চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয়।
ডন জানিয়েছে, এটি ২৯ অগাস্ট থেকে চতুর্থ ডাকাতির ঘটনা যার শিকার হয়েছেন চীনা নাগরিকরা। এরমধ্যে তিনটি ঘটনায় অপরাধীরা পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এসে ডাকাতির ঘটনা ঘটান। এর মধ্যে দুটি মামলার তদন্তের সময় রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
সর্বশেষ ঘটনায় পুলিশের ইউনিফর্ম পরা একদল ডাকাত নগরীর এফ-৭/১ সেক্টরের একটি বাড়িতে হানা দিয়ে নগদ ২০ লাখ রুপি ও ১৫ হাজার রুপি দামের একটি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে।
মামলার বিবরণ অনুযায়ী, ওই বাড়িতে দুই চীনা নাগরিক বসবাস করেন। একদিন স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি বাড়িটিতে প্রবেশ করে গৃহকর্মীদের থাকার জায়গায় যান।
তিনি দিনের বেলার জন্য নিযুক্ত একজন নিরাপত্তা রক্ষীকে ও একজন চালককে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে যান। বাইরে পুলিশে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল আর সেটিতে পুলিশের ঘূর্ণায়মান বাতিও ছিল। গাড়িতে চারজন মানুষ সশস্ত্র অবস্থায় বসে ছিলেন, তাদের মধ্যে তিনজনের গায়ে পুলিশের ইউনিফর্ম ছিল।
এরপর তারা ওই রক্ষী ও চালককে গাড়িতে তুলে গাড়িসহ বাড়ির ভেতরে প্রবেশ করেন। এরপর বন্দুকধারীরা একটি জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে দুই চীনা নাগরিককে বন্দুকের মুখে আটকে ফেলেন। তারা বিদেশীদের ও তাদের দুই ভৃত্যকে ড্রয়িং রুমে আটকে রাখেন আর ২০ লাখ রুপি লুট করেন।
অপর নিরাপত্তা রক্ষী ডাকাতদের সঙ্গে সহযোগিতা করেছে ও প্রথম ডাকাতকে ভেতরে আসতে গেট খুলে দিয়েছিল বলে সন্দেহ করেন প্রথম নিরাপত্তা রক্ষী।
মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপরই গ্রেপ্তার হন ওই সন্দেহভাজন পুলিশ কর্মকর্তারা।
গেল সেপ্টেম্বরে ইসলামাবাদে কর্মরত তিন পুলিশ সদস্য অন্য সহযোগীদের সঙ্গে মিলে একটি ডাকাত দল পরিচালনার সঙ্গে জড়িত অবস্থায় ধরা পড়েন।
১৩ সেপ্টেম্বর সংঘটিত একটি ডাকাতির ঘটনার তদন্তকালে তাদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। তারা পুলিশের পোশাক পরে ইসলামাবাদের জি-১০/৪ সেক্টর এলাকায় দুই চীনা নাগরিকের বাড়িতে হানা দিয়ে ৮০ লাখ রুপি লুট করেছিলেন।
তথ্যসূত্র: বিডিনিউজ