মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

রাজশাহীতে নাঈমের অপরাজিত ২০২, ২১ রানে এগিয়ে বরিশাল

নিজস্ব প্রতিবেদক ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন খেলা
নিজস্ব প্রতিবেদক ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩০ অপরাহ্ন
রাজশাহীতে নাঈমের অপরাজিত ২০২, ২১ রানে এগিয়ে বরিশাল

হালকা জ্বর নিয়েও ব্যাট হাতে দুর্দান্ত নাঈম আহম্মেদ। ২৬৭ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস খেলে রাজশাহী বিভাগকে এনে দিলেন বড় সংগ্রহ। তবে প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বিভাগ। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৪৯ রান তুলে রাজশাহীকে পেছনে ফেলে ২১ রানের লিড নিয়েছে দলটি।


মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় পর্বের তৃতীয় দিনের খেলা শেষে এমন অবস্থানে রয়েছে দুই দল। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে ১০২.২ ওভারে ৭ উইকেটে ৪৫৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে নাঈম আহম্মেদ ২৬৭ বলে ২০২ রানে অপরাজিত থাকেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন রাজশাহীর অধিনায়ক প্রীতম কুমার। এই মাঠে এনসিএলে কোনো ব্যাটারের এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস বলে জানা গেছে।


সোমবার (১৯ অক্টোবর) অপরাজিত থাকা মেহেরাব হোসেন অহিন এদিন ৫৭ রানে রুয়েল মিয়ার বলে আউট হন। এরপর সানজামুল নয়ন মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। ইনিংস ঘোষণার সময় নাঈমের সঙ্গে ২ রানে অপরাজিত ছিলেন নেহাদুজ্জামান। রাজশাহীর ইনিংসে দিনের একমাত্র উইকেটটি নেন বরিশালের রুয়েল মিয়া।


রাজশাহীর ৪৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বরিশাল। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করেন জায়াদ আবরার ও অধিনায়ক ইফতেখার ইফতি। দলীয় ৮৪ রানে ২৬ রান করে মেহেরাব হোসেন অহিনের বলে বোল্ড হন ইফতি। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন জায়াদ আবরার। তবে ব্যক্তিগত ৯১ রানে নেহাদুজ্জামানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাঁকে। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই ব্যাটার।


দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ৫ উইকেটে ২৪৯ রান। আব্দুল্লাহ ২৪ রানে অপরাজিত রয়েছেন। রাজশাহীর বোলারদের মধ্যে শফিউল, মোহর শেখ, সানজামুল নয়ন ও নেহাদুজ্জামান একটি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েও রাজশাহীর সামনে এখন চ্যালেঞ্জ, শেষ দিনে বরিশালের বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিয়ে ম্যাচে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।