মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মান্দা প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন
মান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


এতে পুকুরের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ থেকে ৩০ মণ মাছ মরে ভেসে ওঠে।


ক্ষতিগ্রস্ত মাছচাষি মোজাম্মেল হক ওই গ্রামের তৈয়ম আলীর ছেলে। এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।


ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল হোসেন ও আব্দুর রশিদ গংদের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে বলে তিনি অভিযোগ করেন।


তিনি আরও বলেন, গভীর রাতে পুকুরের মাছ ছটফট করতে দেখে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। সকালে পুকুরে গিয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


ক্ষোভ প্রকাশ করে মোজাম্মেল হক বলেন, ‘শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এভাবে বিষ ঢেলে আমার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি করল। আমি এই জঘন্য অপরাধের সঠিক বিচার চাই।’


এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন ও আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’