বরেন্দ্র অঞ্চলের সব ডিপ টিউবওয়েল সৌরবিদ্যুতে চালানোর নির্দেশনা
বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সেচ খরচ কমাতে এবং কৃষি উৎপাদনব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন সব ডিপ টিউবওয়েল সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। কৃষকেরা যাতে সহজে ও কম খরচে জমিতে সেচ দিতে পারেন, সে জন্য সেচব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। সৌরবিদ্যুতে ডিপ টিউবওয়েল পরিচালনা করা গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং সেচব্যবস্থার পরিচালন ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে। এতে কৃষকের সুবিধা বাড়ানোর পাশাপাশি কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারও সম্প্রসারিত হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ নির্দেশনার আলোকে বিএমডিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন ও ব্যবহারের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানের (গ্রেড-২) সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, মো. শিবির আহমেদ ও মো. তরিকুল ইসলাম। এ ছাড়া নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, মো. তোফাজ্জল আলী সরকার, এ এস এম দেলোয়ার হোসেন, মো. আতিকুর রহমানসহ বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।