বুধবার, অক্টোবর ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন চুরি, থানায় জিডি ৮টি

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন চুরি, থানায় জিডি ৮টি

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় গিয়ে মোবাইল ফোন খুইয়েছেন অন্তত ৯ জন নেতা-কর্মী। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জনসভার ভিড়ের মধ্যে পকেট কেটে ফোন চুরির অভিযোগও উঠেছে। ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদ।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় এবং ভিড়ের মধ্যে এসব ফোন হারানোর ঘটনা ঘটে।


আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন দিকেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে। ভিড়ের মধ্যে কেউ তাঁর ফোনটি নিয়ে নিয়েছে।’ এ ঘটনায় তাঁর ছেলে বোয়ালিয়া থানায় জিডি করেছেন।


পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি হয়েছে। বোয়ালিয়া থানায়ও একটি জিডি করা হয়েছে। তবে ফোন হারানোর পরও কয়েকজন এখনো থানায় অভিযোগ করেননি।


ফোন হারানো ব্যক্তিদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ কিংবা বিব্রতকর কোনো পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।’


ফরহাদ বাদশা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তার পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি চুরি করা হয়েছে। এ ঘটনায় তিনি এখনো জিডি করেননি। বুধবার থানায় গিয়ে জিডি করবেন বলে জানান তিনি।


রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধার করব। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে।’