নাটোরে সড়ক দুর্ঘটনায় আহতদের চারজন চাঁপাইনবাবগঞ্জের
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজন রয়েছেন। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ঐ ৪জন সহ সেখানে ভর্তি আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।
আহত চারজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন আলী (৩২) ও ছবি (৩০), গোমস্তাপুর উপজেলার শামীম (১৮) এবং ভোলাহাট উপজেলার তামিম হোসেন (১৭)। হাসপাতালের রোগী ভর্তির খাতায় তাঁদের নাম ও উপজেলার নাম লিপিবদ্ধ করা হয়েছে।
বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, আহত ওই চারজন চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসটির যাত্রী ছিলেন। বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত। চাঁপাইনবাবগঞ্জের চারজনও আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।