বুধবার, অক্টোবর ২১, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা সুনিল কুমার কুণ্ডুর পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ০১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ০১:১২ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা সুনিল কুমার কুণ্ডুর পরলোকগমন

রাজশাহীর বাগমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডু (৭২) পরলোকগমন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে ভবানীগঞ্জে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুনীল কুমার কুণ্ডু মুক্তিযোদ্ধা সংসদ, বাগমারার সাবেক ডেপুটি কমান্ডার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি এলাকায় পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় ভবানীগঞ্জ মহাশ্মশান প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভবানীগঞ্জ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, প্রদীপ কুমার সিংহ, আব্দুল খালেক, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও সমাজের পরিচিত সংগঠক হিসেবে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিত্বকে হারালেন।