পূজামণ্ডপে গান গেয়ে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের এএসআই
দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পূজামণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে গান পরিবেশন করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম উজায়ের ফারুক। তিনি এসএমপির জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ দেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উজায়ের ফারুক। ওই সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে উঠে গান পরিবেশন করেন তিনি।
তাঁর গান পরিবেশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বাংলানিউজকে বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এএসআই উজায়ের ফারুক মঞ্চে উঠে গান পরিবেশন করেন। এটি অপরাধ। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে।
তথ্যসূত্র: বাংলানিউজ