প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক
কারাবন্দী বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল তাঁর দুই কন্যা। গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে এ ঘটনার পর অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনায় পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা এবং কারাবন্দী নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁদের দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় প্রশাসক তাঁদের আর্থিক সহায়তা দেন। পাশাপাশি কারাবন্দী নেতার আইনি বিষয়ে সহযোগিতা এবং কারাগারে তাঁর আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দী নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে।”
বিএনপি নেতার মেয়ে জারিন তাসনিম রাহি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং পরিবারটির দায়িত্ব দিয়েছেন। প্রশাসক তাঁর বাবার মুক্তি না হওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে তিনি এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাসিক প্রশাসকের এই উদ্যোগে কারাবন্দী নেতার পরিবার আর্থিক সহায়তার পাশাপাশি আইনি সহযোগিতা ও কর্মসংস্থানের আশ্বাস পেয়েছে।