বুধবার, অক্টোবর ২১, ২০২৬

কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১০:০২ অপরাহ্ন
কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ মারা গেছেন। এলাকায় তিনি ‘মজিদ মাস্টার’ নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজশাহীতে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


কাঁকনহাট পৌরসভা প্রতিষ্ঠার পর আব্দুল মজিদ হাইস্কুলের শিক্ষকতা ছেড়ে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। পরে পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। প্রশাসক ও মেয়র হিসেবে টানা ২০ বছর কাঁকনহাট পৌরসভার দায়িত্ব পালন করেন আব্দুল মজিদ।


রাজনীতিতে আব্দুল মজিদের হাতেখড়ি বিএনপির মাধ্যমে। তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পরে বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দেন। ২০২০ সালের পৌরসভা নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে মেয়র পদে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


দীর্ঘদিন পৌরসভার দায়িত্ব পালনের সুবাদে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।