সৌদির তেলক্ষেত্রে হুথিদের ড্রোন প্রতিহত, ধ্বংসাবশেষের আঘাতে নিহত ২
আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার পর ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনটির খণ্ডিত অংশের আঘাতে একজন ফিলিপিনো ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন।
এছাড়া আহত দুজনকে পাকিস্তানি ও ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছিটকে পড়া ড্রোনের ধাতব টুকরোর কারণে ওই স্থাপনার সীমানার বাইরে থাকা এক ঠিকাদারের একটি গাড়িতে আগুন ধরে যায়।
তবে তেলক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হুথিদের উৎক্ষেপিত একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করেছে।
ড্রোনটি ঠিক কোথায় প্রতিহত করা হয়েছিল কিংবা এর ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল কি না তা জোটের পক্ষ থেকে এক্স-এ দেওয়া পোস্টে জানানো হয়নি।
তারও আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, তাদের বাহিনী ইয়েমেন থেকে উৎক্ষেপিত এবং রাজ্যের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে।
এদিন পূর্ব ইয়েমেনের মুক্তালা শহরের আল-রায়য়ান বিমানবন্দরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় বিমান হামলার ঘটনা ঘটেছে।
এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সরকারি মুখপাত্র জানান, হুথিরা আল-রায়য়ান বিমানবন্দরে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সামরিক বাহিনী জানিয়েছে, একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আদেন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আরেকটি হামলা চালানো হয়েছে তাইজের বীর পাশা এলাকার একটি ফোমের কারখানায়।
তথ্যসূত্র: আল জাজিরা, বাংলানিউজ