যুদ্ধ বন্ধের আলোচনায় বড় বাধা ইরানের পারমাণবিক কর্মসূচি
ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দেশটির মজুত পারমাণবিক উপাদানের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ রয়ে গেছে।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই স্পষ্ট করে বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের ‘এক কণাও’ ইরানের বাইরে নেওয়া হবে না। এর মধ্য দিয়ে পারমাণবিক উপাদান দেশের বাইরে পাঠানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান দীর্ঘমেয়াদে এমন একটি প্রতিশ্রুতি দিক, যা যাচাই করা সম্ভব হবে এবং যার মাধ্যমে দেশটি আবার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা গড়ে তুলতে পারবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর আহ্বান জানিয়েছেন। গত জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে আন্তর্জাতিক তদারকিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর প্রস্তাব ছিল। তবে কত পরিমাণ ইউরেনিয়াম এ প্রক্রিয়ার আওতায় আসবে এবং সমৃদ্ধকরণের মাত্রা কতটা কমানো হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে যায়।
ইরানের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এমন নিশ্চয়তা চায়, যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুত পারমাণবিক উপাদান নিয়ে এই বিরোধের কারণে দুই দেশের মধ্যে সমঝোতা কঠিন হয়ে উঠেছে। ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের আলোচনায় পারমাণবিক কর্মসূচির প্রশ্নটি অন্যতম প্রধান বাধা হিসেবে রয়ে গেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা, জাগোনিউজ