আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’ অনুযায়ী, এ বছর বাংলাদেশের সার্বিক স্কোরে কিছুটা উন্নতি হয়েছে। এর ফলে সূচকে দেশের অবস্থান দুই ধাপ এগিয়ে ১২৫তম থেকে ১২৩তম স্থানে উঠে এসেছে। তবে উন্নতি সত্ত্বেও আইনের শাসনে বেশ কয়েকটি আফ্রিকান অর্থনীতির দেশের চেয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
ডব্লিউজেপির এই সূচকে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। বাংলাদেশের সামনে রয়েছে জিম্বাবুয়ে (১২২তম), নাইজেরিয়া (১২০তম), সিয়েরা লিওন (১১০তম), লাইবেরিয়া (১০৩তম), কেনিয়া (১০০তম) এবং ঘানা (৬২তম)।
২০২৫ সালের ০.৩৯১ স্কোরের তুলনায় এ বছর বাংলাদেশের স্কোর ০.৬ শতাংশ বেড়ে ১-এর মধ্যে ০.৩৯৩ হয়েছে। এর ফলে বাংলাদেশ বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অগ্রগতি অর্জনকারী দেশে পরিণত হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উন্নতি হয়ে ১২৫তম থেকে ১২৩তম স্থানে উঠলেও প্রাপ্ত স্কোর বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচেই রয়ে গেছে।
এই সূচকটি আটটি বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোকে মূল্যায়ন করে। এগুলো হলো- সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতিমুক্ত অবস্থা, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার। আটটি মানদণ্ডের মধ্যে বাংলাদেশ কেবল তিনটিতে—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ—উন্নতি করেছে। অন্যদিকে বাকি পাঁচটি মানদণ্ডে দেশটির পারফরম্যান্স বা অবস্থানের অবনতি হয়েছে।
দেশের সবচেয়ে খারাপ অবস্থা দেখা গেছে মৌলিক অধিকার রক্ষায়। এই খাতে বাংলাদেশ ১৪৩টি দেশের মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে, যা বিশ্বের সর্বনিম্ন তালিকায় পড়ে০.৩০ স্কোর নিয়ে ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। একইভাবে দেওয়ানি বিচার ব্যবস্থাতেও বাংলাদেশের অবস্থান বেশ দুর্বল, যা দেশটির দ্বিতীয় সর্বনিম্ন খাত। ০.৩৬ স্কোর নিয়ে এখানে বাংলাদেশের অবস্থান ১৩২তম। এই মানদণ্ডটি আন্তর্জাতিক আইনের অধীনে মৌলিক মানবাধিকার সুরক্ষার চিত্র মূল্যায়ন করে।
নিয়ন্ত্রক সংস্থার প্রয়োগ বা কার্যকরতায় ০.৪০ স্কোর নিয়ে বাংলাদেশ ১২৪তম এবং ফৌজদারি বিচারে ০.৩২ স্কোর নিয়ে ১১৭তম স্থানে রয়েছে। ঘুষ, অনুচিত প্রভাব ও সরকারি সম্পদের অপব্যবহারের মাত্রা পরিমাপক ‘দুর্নীতির অনুপস্থিতি’ মানদণ্ডে ০.৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৩তম। আইনি জবাবদিহিতা পরিমাপক ‘সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা’ মানদণ্ডে ০.৩৮ স্কোর নিয়ে বাংলাদেশ ১১১তম স্থানে রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ‘মুক্ত সরকার’ মানদণ্ডে। ০.৪১ স্কোর নিয়ে এখানে অবস্থান ১০৬তম। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা মানদণ্ডে ০.৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১০৭তম। সমাজ কতটা কার্যকরভাবে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা বিধান করে—তা এই মানদণ্ডের মাধ্যমে পরিমাপ করা হয়।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট