ঈশ্বরদীতে আলোচনা ও গানে গানে লালন স্মরণ
পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে লালন সাঁইজির ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা ও গানে গানে শ্রদ্ধাভরে লালনকে স্মরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাহিত্য পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও লালন সঙ্গীতের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম সনু।
লালনের জীবন, কর্ম ও গান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক ড. জাহিদুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, সাংবাদিক মাহবুবুল হক দুদু, সেলিম সরদার, ওহেদুজ্জামান টিপু, কলাম লেখক নুরুল ইসলাম বাবলু প্রমুখ। পরিষদের সহসাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তারের যৌথ পরিচালনায় দ্বিতীয় পর্বে লালনের গান গেয়ে লালন সন্ধ্যা মাতিয়ে তোলেন পরিষদের সদস্য-শিল্পী এস. আলমগীর, আব্দুস সাত্তার, মো. মাসুদ রানা, শাহীন উদ্দিন, মো. শাকিবুল ইসলাম, মো. নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, রেজাউর রহমান পাপ্পু, আব্দুল আউয়াল মতিন, রেজাউল ইসলাম রেজা, আব্দুর রহিম বকুল, পরিতোষ পাল, শফিকুল ইসলাম সবুজসহ অন্যরা।