বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

পাঁচ বছর পর মায়ের সঙ্গে কথা বললেন সুচির ছেলে

সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
পাঁচ বছর পর মায়ের সঙ্গে কথা বললেন সুচির ছেলে
অং সান সু চি (ফাইল ফটো)

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর কথা বলার সুযোগ পেয়েছেন তার ছেলে কিম আরিস। 


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।


যুক্তরাজ্যে বসবাসরত কিম আরিস তার আবেগঘন বার্তায় লেখেন, ‘আজ পাঁচ বছরেরও বেশি সময় পর আমি অবশেষে আমার মা অং সান সু চির সঙ্গে কথা বলতে পেরেছি। আবার তার কণ্ঠস্বর শুনতে পাওয়াটা কতটা অর্থবহ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।


মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে বন্দি রাখা হয়েছে।


তবে দীর্ঘ সময় পর কীভাবে মা-ছেলের মধ্যে এই কথোপকথন হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


মায়ের মুক্তি ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পাশে দাঁড়ানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিম আরিস বলেন, যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে।


তবে দীর্ঘদিন পর কথা বলার সুযোগ পেলেও মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কিম আরিস বলেন, তার মায়ের বয়স ৮১ বছর এবং তিনি এখনও বন্দি রয়েছেন। শুধু একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।


তথ্যসূত্র: বাংলানিউজ