ঋণ না পেয়ে গভীর রাতে ব্যাংকের ভল্ট ভাঙতে গিয়ে আটক যুবক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণ শোধের জন্য ব্যাংকে ঋণ নিতে গিয়ে ব্যর্থ হয়ে চুরির পরিকল্পনা করেন কাওসার আহমেদ (২৫) নামে এক যুবক। পরে গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নৈশপ্রহরীকে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন তিনি। পরে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশের হাতে আটক হন কাওসার।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে এ ঘটনা ঘটে। কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিয়ে করেন কাওসার। ঘটনার রাতে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে ঢোকেন তিনি। পরে একটি দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরি দেখিয়ে টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চান। এরপর তাকে রশি দিয়ে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।
নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম সাগর বলেন, আমি তখন ঘুমিয়ে ছিলাম। ওই যুবক টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চায়। না জানালে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে রাখে। এরপর ভল্টের তালা ভাঙার চেষ্টা করে।
তিনি বলেন, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার করেন। পরে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন এসে কাওসারকে আটক করেন।
ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি, ভল্টেরও ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, কাওসার কখনো ঋণের জন্য ব্যাংকটিতে আসেননি।
এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কাওসার পুলিশের কাছে প্রায় ২ লাখ টাকা ঋণ থাকার কথা জানিয়েছেন। বিয়ের সময় ঋণ করেছিলেন বলে জানান তিনি। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট