সোনামসজিদ সীমান্তে নারী নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের এক নারী নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে। তার রাজনৈতিক পরিচয় নিয়ে পাওয়া তথ্যে অসংগতি রয়েছে। একটি সূত্রে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বিজিবির পক্ষ থেকে তাকে জেলা যুব মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তিনি কোন সংগঠনের কোন পদে দায়িত্ব পালন করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।