বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

বদলগাছীতে রাতের আঁধারে স্কুলের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

বদলগাছী প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
বদলগাছীতে রাতের আঁধারে স্কুলের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


বিদ্যালয় প্রাঙ্গণে দুই পাশের ভবনের মাঝখানে শহীদ মিনারটির অবস্থান। সরেজমিনে দেখা যায়, এর তিনটি স্তম্ভই বালু-সিমেন্ট দিয়ে গাঁথা ছিল। স্তম্ভ নির্মাণে রড ব্যবহার করা হয়নি। স্থানীয় লোকজনের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে স্তম্ভগুলো ভেঙে ফেলেছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রাণী জানান, সকালে খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। কয়েক দিন আগে শহীদ মিনারের মাঝের স্তম্ভটি ভেঙে গিয়েছিল। ওই দিন বিদ্যালয়ে একজন শিক্ষা কর্মকর্তা এসেছিলেন। তিনি বরাদ্দ পেলে শহীদ মিনারটি মেরামত করার পরামর্শ দেন। এ কারণে তখন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তবে গত রাতে বাকি দুটি স্তম্ভও ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


তবে শহীদ মিনারটি কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।