পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত
“দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
রোববার (১লা নভেম্বর) বেলা সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন যুব র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি জামায়াতে ইসলামী দলের নেতা মো: এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোর্শেদুল আলমের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ স্বাগত বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, প্রমুখ।
এ সময় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্থানীয় প্রতিনিধি আসির উদ্দিন, জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসান, জামায়াতে ইসলামী যুব বিভাগের নজিপুর পৌর শাখার সভাপতি মারুফ মোস্তফা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমাইয়া জান্নাত প্রমুখ।
বক্তাগণ যুবকদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবকদের অবহিত করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। কয়েকজন যুবক যুবতীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে তাদের কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার এবং কেউ কেউ ঋণের টাকার অধিক আয়ের গল্প শুনান। এতে উপস্থিত তরুণ তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে ৬ জন উপকারভোগীর মাঝে ৭ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করেন অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকরি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।