চাঁপাইনবাবগঞ্জে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু
চাঁপাইনবাবগঞ্জে নতুন শিল্পোদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক ভবনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম।
স্বাগত বক্তব্যে তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার বিষয়টি ব্যাখ্যা করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিসিক সূত্রে জানা গেছে, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণসুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকেরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্স চলবে আগামী ৫ নভেম্বর।