ঈশ্বরদীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াতকর্মীর শাস্তির দাবিতে মানববন্ধন
পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক জামায়াতকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার চেষ্টা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় মোবারক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তাার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
তারা অভিযোগ করেন, মোবারক হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে যেন কোনোভাবেই অপরাধের দায় এড়াতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
একই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে কান্নাজড়িত কন্ঠে বক্তব্য দেন শিশুটির বাবা আমিরুল ইসলাম। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান বাবু, বিপ্লব হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা পারভীন চামেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়াতুল ইসলাম অনিক, জেলা কৃষক দলের সহঅর্থ সম্পাদক আবু তালেব জোয়ার্দ্দার, উন্নয়নকর্মী সুবর্ণা রানীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। প্রসঙ্গত: গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন।
সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। এর আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এসব বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। আসামি মোবারক হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।