পুঠিয়ায় এয়ার ফ্লো মেশিনের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় সরকারি অনুদানে কৃষকদের এয়ার ফ্লো মেশিনের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। পেঁয়াজ সংরক্ষণের মেশিনের ঘর নির্মাণের জন্য বরাদ্দ ৭ হাজার টাকা থেকে ১ হাজার টাকা করে কেটে রাখার অভিযোগ উঠেছে বেলপুকুর ইউনিয়নের তিন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি অনুদানের আওতায় এয়ার ফ্লো মেশিন কেনার জন্য কৃষকদের ব্যাংক হিসাবে ২৮ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এর মধ্যে অফিস থেকে মেশিন সরবরাহ করে ২১ হাজার টাকা কেটে রাখা হয়েছে। বাকি ৭ হাজার টাকা মেশিন রাখার ঘর নির্মাণের জন্য কৃষকদের দেওয়া হচ্ছে। তবে কৃষকদের দাবি, বর্তমান বাজারদরে ৭ হাজার টাকায় ঘর নির্মাণ করা সম্ভব নয়।
এদিকে, ওই ৭ হাজার টাকা থেকেও ১ হাজার টাকা করে কেটে রাখার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী কৃষক। ফলে ৬ হাজার টাকা হাতে পেয়ে তাঁরা বিষয়টি সাংবাদিকদের জানান। পরে খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে অভিযোগের খবর সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে পৌঁছালে তাঁরা তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন। পরে কৃষকদের মাঝে কেটে রাখা ১ হাজার টাকা করে ফেরত দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অভিযুক্ত বেলপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদউল্লাহ, মোঃ সোহেল রানা ও হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা ঘর তৈরির যে ৭ হাজার টাকা বরাদ্দ সেই টাকা সবই কৃষকদের মাঝে আমরা বুঝিয়ে দিয়েছি। কোন টাকা কেটে রাখিনি বলে দাবি করেন তারা।
এবিষয়ে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার বলেন, কৃষকরা এরকম কোন তথ্য বা অভিযোগ আমাদের কাছে দেয়নি। এমন অভিযোগ কৃষকরা লিখিত দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।