কিট্ ফাস্ট শো-রুম পরিদর্শন করলেন বেকারি মালিকরা
রাজশাহী বিসিকে অবস্থিত ‘কিট্ ফাস্ট’ শো-রুম ও ফ্যাক্টরী পরিদর্শন করেছেন বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় প্রতিষ্ঠানটির এমডি আহমেদ মুক্কির আমন্ত্রণে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিট্ ফাস্টের ফ্যাক্টরী ও শো-রুম পরিদর্শন করেন। এখানে ডেক ওভেন, হট এন্ড কুলিং সিস্টেম র্যাক ও শোকেস, মিক্সচার মেশিনসহ বেকারি শিল্পে ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন পাওয়া যায়।
পরিদর্শনকালে উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী রাজশাহীর বেকারি মালিকদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব, তা জানতে চান। এর প্রেক্ষিতে কিট্ ফাস্টের হেড অব সেলস্ শাহ্ নূর জানান, তাঁরা রাজশাহী বেকারি মালিক সমিতির সদস্যদের জন্য সম্মানজনক বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন। এছাড়া দুইটি ব্যাংকের সাথে আলোচনা চলছে, খুব শীঘ্রই ব্যাংক লোনের মাধ্যমে ব্যবসায়ীদের এসব মেশিনারিজ দেওয়া সম্ভব হবে।
কিট্ ফাস্টের শো-রুম পরিদর্শনকালে রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক চন্দন সরকারসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।