মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬

মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিও জানান।


সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।


মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। গত ২৪ অক্টোবর ৮৭ বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার, জানাজা ও দাফন হওয়াই স্বাভাবিক। কিন্তু ১৯৭১ সালের পরাজিত শক্তি জামায়াত-শিবির তাঁর রাষ্ট্রীয় সম্মাননা, জানাজা ও দাফনে বাধা এবং হামলা চালিয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ ও বিস্মিত।


বক্তারা আরও বলেন, এ ঘটনায় সরকারের নীরবতা এবং মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা তাঁদের হতবাক করেছে। দেরিতে হলেও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বানে মুক্তিযোদ্ধারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘড়ি কিনুন


বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মুক্তিযোদ্ধারা নানা সংকটে রয়েছেন। বয়সের ভারে তাঁদের অনেকেই অসুস্থ। চিকিৎসা ব্যয় ও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় চিকিৎসা ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কমপক্ষে ৫০ হাজার টাকা করার জন্য সরকারের বিশেষ বিবেচনা কামনা করেন তাঁরা।


মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।