শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে নারী-শিশু অধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক ইশতেহার চেয়ে নাগরিক সংলাপ

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে নারী-শিশু অধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক ইশতেহার চেয়ে নাগরিক সংলাপ
রাজশাহীতে নারী-শিশু অধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক ইশতেহার চেয়ে নাগরিক সংলাপ


নিজস্ব প্রতিবেদক:


নারী ও শিশু অধিকার সুরক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারকে আরও অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংলাপ। বুধবার (৩ ডিসেম্বর) ‘কোয়ালিশন ফর এডভান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস’-এর উদ্যোগে আয়োজিত এই সংলাপে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ, অধিকারভিত্তিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, অক্সফাম ইন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং ওয়াটারএইড বাংলাদেশের সমন্বয়ে গঠিত এই কোয়ালিশন সারাদেশেই নারী-শিশুবান্ধব নির্বাচনী ইশতেহারের দাবিতে সংলাপ আয়োজন করছে।

রাজশাহী বিভাগে সংলাপটি পরিচালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, অ্যাডভোকেসি ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের রাজশাহী বিভাগীয় কোঅর্ডিনেটর মো. সারফরাজ জাহান, মো. মিজানুর রহমান ও আসমাউল হুসনা প্রশান্তি।

সংলাপে নারী ও শিশু অধিকার সুরক্ষায় পাঁচটি অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়- শিক্ষায় প্রবেশাধিকার, মানোন্নয়ন ও শিক্ষাজীবন সম্পন্ন করার নিশ্চয়তা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ, সহিংসতা ও শোষণমুক্ত নিরাপদ জীবন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির উন্নয়ন, বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন।

সংলাপে বক্তব্য দেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, “নারী ও শিশু অধিকার সুরক্ষার বিষয়টি একটি টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে স্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করে, তবে নীতি-নির্ধারণী পর্যায়ে এসব দাবির বাস্তবায়ন সহজ হবে। মাঠপর্যায়ের এই সংলাপগুলো বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছে, যা জাতীয় ইশতেহারে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি।”

সভায় বক্তারা বলেন, শহর, গ্রাম, উপকূল, চরাঞ্চল, পার্বত্য এলাকা ও জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাস্তবতা, প্রান্তিক মানুষের সুপারিশ ও মতামত রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়াই কোয়ালিশনের লক্ষ্য।

এসব প্রস্তাবকে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর কাছে শিগগিরই তুলে ধরা হবে, যাতে তারা নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অগ্রাধিকার দেয়। সংলাপের অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন-আগামী জাতীয় নির্বাচনে নারী ও শিশু অধিকার সুরক্ষার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।