শনিবার, আগস্ট ২২, ২০২৬

দুই ব্যালটে মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় নিয়েছেন একজন ভোটার

WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন জাতীয়
WP Import ০৩ ডিসেম্বর ২০২৫ ০১:৫৫ অপরাহ্ন
দুই ব্যালটে মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় নিয়েছেন একজন ভোটার
দুই ব্যালটে মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় নিয়েছেন একজন ভোটার


সোনার দেশ ডেস্ক :


‘মক ভোটিংয়ে’ সংসদ ও গণভোটের দুই ব্যালটে ভোট দিতে একজনের পর আরেকজন যেতেই গড়ে দেড় মিনিট সময় লাগছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এ নির্বাচন কমিশনার বলেন, “এবারের নির্বাচনে (দুটো) ব্যালট থাকছে, এজন্য টাইম ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। আমরা মক ভোটিং করে দেখেছি, ভালো ফ্লো রাখতে একজন ভোটারের পরে আরেকজন ঢুকতে গড়ে দেড় মিনিট সময় লাগে। আর ভেতরে একজন ভোটার অন অ্যান অ্যাভারেজ ৩ মিনিট ৫২ সেকেন্ড নিয়েছে।”

গণভোটের প্রশ্ন পড়তেও ভোটাররা সময় নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “যিনি না পড়ে সিল দিয়েছেন ২ মিনিটে শেষ করেছেন। আবার যিনি পড়েছেন, ৭/৮ মিনিটও সময় নিয়ে ভোট দিয়েছেন।”

সব দিক বিবেচনায় নিয়ে এবার ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা করার কথা জানান এ নির্বাচন কমিশনার। ৭ ডিসেম্বর কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই, তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচন।”

নির্বাচনী জোয়ারে দেশ: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই। আমরা নির্বাচনি জোয়ারে আছি।”
নির্বাচন ও গণভোটের আয়োজন যে এক ‘বিশাল কর্মযজ্ঞ’, সে কথা তুলে ধরে তিনি বলেন, “গণভোটের চারটা প্রশ্নের উপর যে শুধু একটা উত্তর, সেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।

“কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারে বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে একমত হয় না সবাই তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। পুরো প্যাকেজ দেখে আপনারা ভোট দেবেন।”
‎নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সহযোগিতায় এ কর্মশালা পরিচালনা করছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট।

‎নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) মোট ২২০ জন সাংবাদিক চার ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নেবেন।
তথ্যসূত্র: বিডিনিউজ