ইস্পাহানি চায়ের অফিসে ডাকাতি: নিরাপত্তাকর্মীকে বেঁধে দুই লাখ ১৫ হাজার টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে প্রাচীর টপকে অফিস চত্বরে ঢুকে এ ঘটনা ঘটায় সংঘবদ্ধ ডাকাত দল।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী। তিনি জানান, ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, ডাকাতরা প্রথমেই অফিসের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে অচল করে ফেলে। এরপর দোতলায় অবস্থিত প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে।
পাশাপাশি নিচতলায় থাকা বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।