শনিবার, আগস্ট ২২, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া

WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৯ নভেম্বর ২০২৫ ০২:০৮ অপরাহ্ন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া

ফাইল ছবি

সোনার দেশ ডেস্ক :


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

এছাড়া শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুহাম্মদ ইউনূস।

২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে বলেন, “গত বৃহস্পতিবার আমি রাত ২টা পরযন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলাম। ডাক্তাররা ম্যাডামকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।

এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়।

এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে।
এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

এছাড়াও, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া সভায় উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি সভায় বলেছেন, আগামী দুইতিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।
তথ্যসূত্র: বিডিনিউজ