‘চরাঞ্চলের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে’

সংগৃহীত ছবি
সোনার দেশ ডেস্ক :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, হাওর, চর ও পাহাড়ে বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগতমান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি শিগগিরই বাস্তবায়ন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ড. শামীম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামীকাল (রোববার) উপদেষ্টা মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মতবিনময় সভা করবেন।
স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।
তথ্যসূত্র: বাংলানিউজ