শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোমস্তাপুরে সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর লাঞ্ছিত

WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:১১ অপরাহ্ন
WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৬:১১ অপরাহ্ন
গোমস্তাপুরে সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর লাঞ্ছিত
গোমস্তাপুরে সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর লাঞ্ছিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সদস্য ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান।

আক্রান্ত জাহাঙ্গীর আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। মিছিলের শেষভাগে লাঠিসোটা হাতে কয়েক জন যুবক তার উপর চড়াও হয় এবং সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা লাঞ্ছিত করে।

তিনি আরও বলেন, লাঞ্ছনাকারীরা ওই আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলামের সমর্থক।
গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ বলেন, ঘটনাটি শোনার পরে দ্রুত পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। লাঞ্ছনার শিকার সাংবাদিক অভিযোগ দিতে চেয়েছেন এবং অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সাংবাদিক লাঞ্ছনাকারীরা নিজের কর্মী নয় বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি আমিও শুনেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে আমি ও আমার দলের নেতারা খোঁজ রাখছেন।
অন্যদিকে সাংবাদিক জাহাঙ্গীর লাঞ্ছিত ঘটনা জানার পর জেলায় কর্মরত বেশির ভাগ সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীদের শাস্তি ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।