শনিবার, আগস্ট ২২, ২০২৬

খুলনায় ‘কিশোর গ্রুপের বিরোধে’ ছুরিকাঘাতে তরুণ নিহত

WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৫:৫৯ অপরাহ্ন
খুলনায় ‘কিশোর গ্রুপের বিরোধে’ ছুরিকাঘাতে তরুণ নিহত
খুলনায় ‘কিশোর গ্রুপের বিরোধে’ ছুরিকাঘাতে তরুণ নিহত


সোনার দেশ ডেস্ক :


খুলনায় বিরোধের জেরে ‘প্রতিপক্ষের’ ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় ওই তরুণের ওপর হামলা হয়।

পরে নগরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ২১ বছর বয়সী ইশান নগরের মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে।
পুলিশ বলছে, পেটকা বাজার এলাকায় বেশ কিছুদিন ধরে স্থানীয় দুই কিশোর দলের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে প্রতিপক্ষ ইশানের ওপর হামলা ও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।

এরপর স্থানীয়রা উদ্ধার করে ইশানকে হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। সেখান থেকে অন্য একটি হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ছুরিকাঘাতে আরও একজন আহত হয়েছেন।

ওসি আতাহার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে।
“ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।”

নগরবাসী বলছে, খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। সন্ধ্যা নামলেই নগরে ভর করছে অজানা আতঙ্ক। প্রতি রাতেই কোথাও না কোথাও গোলাগুলি, অস্ত্রের মহড়া ও প্রতিপক্ষের ওপর হামলা বা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে।

পুলিশের তথ্য বলছে, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে গত ১৫ মাসে খুলনা নগরে ৪৫টি হত্যাকাণ্ড ঘটেছে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, গত ১৫ মাসে খুলনা নগরেই ৪৫টি হত্যাকাণ্ড হয়েছে।

এর মধ্যে চলতি বছরের নভেম্বরে ছয়, অক্টোবরে চার, সেপ্টেম্বরে এক, অগাস্টে পাঁচ, জুলাইয়ে দুই, জুনে তিন, মে মাসে পাঁচ, এপ্রিলে দুই, ফেব্রুয়ারিতে এক এবং জানুয়ারিতে দুটি খুনের ঘটনা ঘটেছে।
এছাড়া ২০২৪ সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ১৪টি হত্যাকাণ্ড ঘটে। কুপিয়ে জখম, গুলি বর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটছে।

এ সময়ে অর্ধশতাধিক মানুষ প্রতিপক্ষের হামলায় আহত হন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তথ্যসূত্র: বিডিনিউজ