শনিবার, আগস্ট ২২, ২০২৬

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪

WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৫:১১ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২৮ নভেম্বর ২০২৫ ০৫:১১ অপরাহ্ন
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪
হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪

সংগৃহীত ছবি

সোনার দেশ ডেস্ক :


হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য। কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভবনগুলোতে যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের আটটি ব্লকে ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রের বাইরে অনেকেই আপনজনকে খুঁজে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।
এ ঘটনায় চিনের প্রেসিডেন্ট শি চিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
তথ্যসূত্র: বিবিসি, বাংলানিউজ