শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ নভেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরী ও জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য ২০২৬ সালের লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে রোববার (২৩ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার নির্ধারিত সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেসি কর্তৃক ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্দিষ্ট তারিখ ও এলাকায় বিভক্ত সময়সূচি অনুযায়ী নবায়ন করতে হবে। সকল লাইসেন্সধারীকে অস্ত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত জেএম শাখায় সিনিয়র সহকারী কমিশনার (আগ্নেয়াস্ত্র শাখা) দেবাশীষ বসাকের নিকট উপস্থিত হতে বলা হয়েছে।

উপজেলা ভিত্তিক নবায়নের সময়সূচি নিম্নরূপ— দুর্গাপুর ও পুঠিয়া: ১ ডিসেম্বর; বাগমারা ও মোহনপুর: ৩ ডিসেম্বর; তানোর: ৭ ডিসেম্বর; গোদাগাড়ী: ৯ ডিসেম্বর; পবা, বাঘা ও চারঘাট: ১০ ডিসেম্বর; মুক্তিযোদ্ধা, সরকারি, সামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা: ১৫ ডিসেম্বর; রাজশাহী মহানগরীর থানা সমূহ: ১৭, ২১, ২৩ ও ২৮ ডিসেম্বর ২০২৫। অস্ত্রের ধরণ অনুযায়ী নির্ধারিত নবায়ন ফি, ভ্যাট (১৫%) এবং উৎসে কর (১০%) অনলাইন চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য নির্ধারিত খাত— নবায়ন ফি: ১৪২২১০২ নম্বর খাত; ভ্যাট: ১১৪১১০১ নম্বর খাত; উৎসে কর (ব্যক্তি): ১১১১১০১ নম্বর খাত; উৎসে কর (কোম্পানি/আর্থিক প্রতিষ্ঠান): ১১১২১০১ নম্বর খাত।

লাইসেন্স নবায়নের সময় যে কাগজপত্র জমা দিতে হবে- অনলাইন চালানের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, টিআইএন সার্টিফিকেট, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, মূল আগ্নেয়াস্ত্র লাইসেন্স।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ‘অগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা’ ও অস্ত্র আইন ম্যানুয়েল অনুযায়ী ২০২৬ সালের জন্য নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে— ব্যক্তি পর্যায়ে পিস্তল/রিভলবার: ২০,০০০ টাকা; বন্দুক/শটগান/রাইফেল: ১০,০০০ টাকা; ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের লং ব্যারেল আগ্নেয়াস্ত্র: ১০,০০০ টাকা; প্রতিষ্ঠানের লং ব্যারেল আগ্নেয়াস্ত্র: ২০,০০০ টাকা; ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠান: ১০,০০০ টাকা; সেফ কিপিং লাইসেন্স: ৬,০০০ টাকা। প্রতিটি ফি’র সাথে ১৫% ভ্যাট ও ১০% উৎসে কর যুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অস্ত্রধারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#