শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে ই-কার সার্ভিসের উদ্বোধন, ৫ টাকায় ঘুরা যাবে পুরো ক্যাম্পাস

WP Import ২৬ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন
WP Import ২৬ নভেম্বর ২০২৫ ০১:০০ অপরাহ্ন
রাবিতে ই-কার সার্ভিসের উদ্বোধন, ৫ টাকায় ঘুরা যাবে পুরো ক্যাম্পাস
রাবিতে ই-কার সার্ভিসের উদ্বোধন, ৫ টাকায় ঘুরা যাবে পুরো ক্যাম্পাস


রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি লাঘবে ই-কার সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে একযোগে ৫টি ই-কারের উদ্বোধন করা হয়।
রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)- এর উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ই-কার সার্ভিস সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৬টি রুটে এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫টি রুটে চলাচল করবে। প্রতিবার ব্যবহারের জন্য ৫টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৫ টাকা ভাড়ায় ক্যাম্পাসের যেকোনো জায়গায় যাওয়া যাবে।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পরিবহন সুবিধার উন্নয়ন আমাদের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। রুয়ার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম, এবং তারা তা বাস্তবায়ন করেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করি। অন্যান্য ইশতেহারও বাস্তবায়নে রুয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

রুয়া’র সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে রুয়ার আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই কমিটিগুলো অ্যাডহক পদ্ধতিতে গঠিত হয়েছে। আর আমরা জানি যে এই ধরনের কমিটি দ্বারা কখনো সংস্কার কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার হলো এই ই-কার। যা শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট অনেকটা লাঘব করবে।

তিনি আরও বলেন, আজকের ই–কার সেবা চালুর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করতে চেয়েছি। বর্তমানে পাঁচটি ই–কার চালু করা হলেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংখ্যাটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগও আমরা খুব শীঘ্রই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রুয়া সবসময় প্রশাসনের সঙ্গে থাকবে।

রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রুয়া’র প্রতিনিধিরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কিছু কাজ করেছে।
আমি আশা করি রুয়া’র দায়িত্বশীলরা সবাই মিলে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। যাতে করে রুয়া সারাদেশের মধ্যে একটি মডেল অ্যালামনাই অ্যাসোসিয়েশব হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, রুয়া’র সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, রুয়া’র সাংগঠনিক সম্পাদক এমাজউদ্দীন মন্ডল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম বুলবুল-সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতনরা, রুয়া, রাকসু ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ই-কার উদ্বোধনের পর উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।