শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবির দুই শিক্ষককে সাময়িকভাবে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ নভেম্বর ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন

রাবি প্রতিবেদক:


উদ্ভূত কিছু অভিযোগের তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে অ্যাকাডেমিকসহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওই দুই শিক্ষক হলেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিকসহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সহকারী অধ্যাপক তানজিল ভুঞা’র স্ত্রী ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মিমের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ জানিয়ে প্রক্টর দপ্তরে পত্র দিয়েছিলেন সহকারী অধ্যাপক সাজু সরদার। এরপর সাজু সরদারের বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলেন তানজিল ভুঞা। এসব অভিযোগ তদন্তের জন্য গত ১৯ নভেম্বর একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির তদন্ত কাজ এখনো চলমান রয়েছে।